করোনা নিয়ে আর ব্রিফিং করবে না আইইডিসিআর, নতুন সিদ্ধান্ত - দৈনিক স্বদেশ

728x90 AdSpace

বুধবার, ১ এপ্রিল, ২০২০

করোনা নিয়ে আর ব্রিফিং করবে না আইইডিসিআর, নতুন সিদ্ধান্ত


সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) করোনা ভাইরাস নিয়ে এখন থেকে আর ব্রিফিং করবে না। বুধবার আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম আলমগীর হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এখন থেকে আমরা আর ব্রিফিং করব না। করোনা ভাইরাস নিয়ে এখন থেকে ব্রিফিং করবে স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টার (এমআইএস)।

এদিকে করোনা ভাইরাস প্রাদুর্ভাব নিয়ে শুরু থেকেই আইইডিসিআর পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরার নেতৃত্বে নিয়মিত ব্রিফিং করে আসছে প্রতিষ্ঠানটি। তবে হুট করেই এমন সিদ্ধান্তের কারণ জানাননি তিনি।

এদিকে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজন মারা গেছেন। এছাড়া নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও তিনজনের শরীরে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ছয়জনে এবং আক্রান্ত ৫৪ জন। বুধবার করোনা ভাইরাস নিয়ে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো একজন করোনা রোগী মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে করোনাভাইরাস সংক্রমণে এ পর্যন্ত দেশে মোট ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময় আরো তিনজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত দেশে মোট ৫৪ জন করোনা আক্রান্ত হয়েছে। আর এরইমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৬ জন।

দেশবাসীর উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন। সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে যে নির্দেশনা দেওয়া হচ্ছ যেমন দুই হাত সাবান দিয়ে ভালো করে ধোয়া, জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা, অন্যজনের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা, কিছুক্ষণ পরপর পানিপান ইত্যাদি। তিনি বলেন, বিশেষজ্ঞরা বলছেন করোনাভাইরাসের সংক্রমণ রুখতে বেশি করে লেবু জাতীয় ফল খেতে হবে। আপনারা সেটি অনুসরণ করবেন। অসুস্থ বোধ করলেই কিংবা করোনার বিষয়ে সন্দেহ হলেই নির্ধারিত হটলাইনে কল করবেন। বয়স্করা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন।

সংবাদ সম্মেলনে বেসরকারি চিকিৎসকদেরও যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, বেসরকারি চিকিৎসকরা বিশেষ করে যাদের হাসপাতাল বা ক্লিনিক রয়েছে তাঁরা এই দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমরা আশা করব জাতির এই দুর্দিনে আপনারা দেশবাসীর পাশে থাকবেন।

এর আগে মঙ্গলবার আইইডিসিআর জানায়, দেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫১ জনের শরীরে। এরমধ্যে পাঁচজন মারা গেছেন, ২৫ জন সুস্থ হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন ২১ জন।

অন্যদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৮ লাখ ৫৮ হাজার ৬৬৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪২ হাজার ১৫১ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৮ হাজার ৯৯ জন।
করোনা নিয়ে আর ব্রিফিং করবে না আইইডিসিআর, নতুন সিদ্ধান্ত Reviewed by Shah Newaz on এপ্রিল ০১, ২০২০ Rating: 5 সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) করোনা ভাইরাস নিয়ে এখন থেকে আর ব্রিফিং করবে না। বুধবার আইইডিসিআরের প্রধান ব...

কোন মন্তব্য নেই: